আব্দুল হাকিম ডালিম পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জে চলতি খরিপ-১ মৌসুমে পুড়ে যাচ্ছে ভুট্টা গাছ। আবহাওয়া অনুকূল না থাকায় একরের পর একর ওই ফসলগুলো জমিতেই পুড়ে যাচ্ছে।
চাষিরা জানান, বীজের গুণগত মান ভালো নয়, অতিমাত্রায় বৃষ্টি এবং কিছু পরেই রৌদ্র এটাই সব থেকে বড় সমস্যা। জমিতে মুষলধারে বৃষ্টি একটু পরেই প্রচণ্ড রৌদ্র। রৌদ্রে জমির পানি প্রচণ্ড গরম হলে ভুট্টা গাছগুলো গরম হয়ে যায়। গাছের গোড়ায় গ্যাস স্বাভাবিক সঞ্চালন না থাকা, নানা কারণে ভুট্টাগাছে কারেন্ট পোকার আক্রমণে দ্রুত সময়ের মধ্যে গাছ ভিতর থেকে শুকিয়ে পুড়ে যায়। এসব কারণে চলতি খরিপ-১ মৌসুমে ভুট্টাচাষিদের বাম্পার উৎপাদনের বিপরীতে লোকসান গুনতে হবে।
ভুট্টাচাষিদের ধারণা বীজের গুণগত মান ভালো না থাকা, অতিরিক্ত গরম, অতি বৃষ্টি ও রৌদ, সংক্রামক পোকার আক্রমণের কারণে এই ক্ষতির মুখের পড়তে হবে চাষিদের। তাদের ধারণা, সঠিক সময়ে ভুট্টা গাছের ল্যাব টেস্টের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রচেষ্টা চালিয়ে ত্বরিত ব্যবস্থা নিলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়া জানান, এ বছর অতিমাত্রায় থেমে থেমে বৃষ্টি এবং হঠাৎ প্রচণ্ড তাপদাহে ভুট্টাচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিগুলো উঁচু হলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি প্রণোদনা এলে আমরা তাদের সহায়তা করব।



