গাজার সব সীমান্তপথ বন্ধ মানবিক সহায়তা স্থগিত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে গাজা উপত্যকার সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসরাইল। একই সাথে গাজায় প্রবেশকারী সব ধরনের মানবিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ’ (কোগাট) সোমবার ভোরে এ সিদ্ধান্তের কথা জানায়। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে গাজামুখী সব প্রবেশপথ বন্ধ করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কারেম শালেম ও রাফাহসহ গাজার সব সীমান্ত ক্রসিং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজায় খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি এবং আশ্রয় সামগ্রীর তীব্র সঙ্কট এখনো বিদ্যমান। সীমান্ত বন্ধ থাকলে গাজার লাখো মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। বিশেষ করে বাস্তুচ্যুত পরিবার, শিশু ও অসুস্থ মানুষের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

ফের ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে চালানো এই আকস্মিক হামলায় আহত হয়েছেন আরো অনেকে। এক দিকে যখন যুদ্ধবিরতি বজায় রাখতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর নেতাদের সাথে মিসর নতুন দফায় আলোচনা শুরু করেছে, ঠিক তখনই এই বর্বরোচিত হামলা চালাল ইসরাইল।