আলজাজিরা
ইসরাইলে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ সীমিত করার লক্ষ্যে উত্থাপিত ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’-এর প্রতি মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এক বছর আগে ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ডেলিয়া রামিরেজ যখন বিলটি উত্থাপন করেন, তখন এর সহ-উদ্যোক্তা ছিলেন মাত্র ২১ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি অধিকারকর্মীরা এই অগ্রগতিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। যদিও ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট নয়, তবুও এটি ইসরাইলের প্রতি মার্কিন রাজনীতির দীর্ঘদিনের একচ্ছত্র সমর্থনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে ডেলিয়া রামিরেজ প্রতিনিধি পরিষদে বিলটি ভোটাভুটির জন্য উত্থাপনের আহ্বান জানান এবং রিপাবলিকান নেতৃত্ব এর অগ্রগতি আটকে রেখেছে বলে অভিযোগ করেন। একই সাথে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত সম্প্রসারণের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্স পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ উত্তরদাতা কোনো শর্ত ছাড়াই ইসরাইলকে অস্ত্র দেয়া অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। ফিলিস্তিনি বংশোদ্ভূূত মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব বলেন, আমেরিকান জনগণ মৃত্যু ও ধ্বংসের পেছনে অর্থ ব্যয় না করে দেশের ভেতরে বিশুদ্ধ পানি, আবাসন, শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ দেখতে চায়।
‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’-এ ইসরাইলের কাছে নির্দিষ্ট ধরনের ভারী বোমা ও গোলন্দাজ অস্ত্রের গোলাবারুদ সরবরাহ নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে, যা গাজায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোতে ব্যবহার করা হয়েছে বলে সমর্থকদের দাবি। শুরুতে প্রগতিশীল আইনপ্রণেতারা এর পক্ষে থাকলেও সময়ের সাথে সাথে নতুন সমর্থক যুক্ত হচ্ছেন। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ভ্যালেরি ফুশি এবং টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ক্রিশ্চিয়ান মেনেফির পাশাপাশি রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসিও এ সপ্তাহে বিলটির প্রতি সমর্থন জানিয়েছেন। ম্যাসি বলেন, ‘ইসরাইল মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করেছে। গাজা ও এর জনগণের ধ্বংসযজ্ঞে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ করা নৈতিক দায়িত্ব।’
প্রভাবশালী কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককাসের চেয়ারম্যান গ্রেগ ক্যাসার জানান, জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিক চাপই এই পরিবর্তনের প্রধান কারণ। কংগ্রেসওম্যান লাতিফাহ সাইমন বোমার চেয়ে ক্ষুধার্ত মানুষের খাদ্য ও মানবিক সহায়তাকে বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিলটির এক বছর পূর্তির এই সময়ে ইসরাইল নীতি নিয়ে কংগ্রেসে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এর আগে প্রতিনিধি পরিষদে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাস হয় এবং গত এপ্রিলে সিনেটের ৪০ জন সদস্য ইসরাইলে সামরিক বুলডোজার সরবরাহ বন্ধের পক্ষে ভোট দেন।



