সিলেট ব্যুরো
সিলেট নগরবাসীর চিকিৎসাসেবা উন্নয়নে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক মানবিক সংগঠন সেলফ্লেস ইউকের চিকিৎসকরা। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে সেলফ্লেস ইউকের ১০ সদস্যের চিকিৎসক প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানান।
সিসিক প্রশাসক চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, সিলেটের মানুষের চিকিৎসা সেবার মানোন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসক ও মানবিক সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সিটি করপোরেশন নাগরিকদের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগের সাথে সমন্বয় করে চিকিৎসাসেবা আরো সম্প্রসারণ ও কার্যকর করা সম্ভব হবে। সাক্ষাৎকালে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে ছিলেন ডা: বারিদা পই, ডা: এলিসিয়া জ্যাকসন, ডা: নাওমি পটস, ডা: আন্নাহ ফারওয়া, ডা: আমিনা চৌধুরী, ডা: আমনা ইমরান, ডা: অশ্বিনদার গুগনানি, ডা: কাওলান ইরেনাচ, ডা: নাঈম আহমদ ও ডা: জাহাঙ্গীর আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন সেলফ্লেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুস সামাদ চৌধুরী।



