কক্সবাজার অফিস
টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী ৭৩ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বিকেলে ৭৩ জেলেকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল দুপুরে নাফনদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করে।
আরাকান আর্মি নাফ নদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করে। পরে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আরাকান আর্মির সাথে ধারাবাহিক আলোচনার পর ৭৩ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মির দাবি, জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।
অন্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। তাদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হলো।



