সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

Printed Edition

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্তে খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ঐ সময় কী কারণে সেখানে গিয়েছিলেন জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, মিনহাজ লাখাটের স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করলে খাসিয়াদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা যান।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনা জানার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই এবং পুলিশ ও বিজিবিকে খবর দেই পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

সিলেট ৪৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।