নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ^বিদ্যালয়

Printed Edition

রূপান্তরের নতুন যাত্রায় পদার্পণের আহ্বানের মাধ্যমে ফল সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাদের বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনি, সিএসসি। বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের আত্মঅনুসন্ধানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু করার আহ্বান জানান। এ সময় তিনি তাদের নিজেদের কাছে কিছু মৌলিক প্রশ্ন রাখার পরামর্শ দেন- ‘আমরা এখানে কী করতে এসেছি?’ এবং ‘আমরা কী খুঁজছি?’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই যাত্রায় শিক্ষার্থীরা নতুন দতা অর্জনের পাশাপাশি নিজেদের মননকে গড়ে তুলবে। রূপান্তরের এই যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নৃত্যে যোগ দাও এবং নৃত্যশিল্পী হয়ে ওঠো; পরিবর্তনের যাত্রায় যোগ দাও, আর তুমি নিজেই রূপান্তরিত হয়ে যাও।’

অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীর অভিজ্ঞতা বিনিময় এবং নবীন শিক্ষার্থীর অনুভূতি প্রকাশের পর্ব ছিল। রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে নবীন শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন। পরে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার বাধন রোজারিও, সিএসসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাফতরিক সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

পরে পর্যায়ক্রমে ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যবসায় প্রশাসন, মাইক্রোবায়োলজি এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যানরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি ফাদার চার্লসের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।