কানাডার প্রথম বাধা বসনিয়া ও হার্জেগোভিনা

Printed Edition
আজকের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলাররা : ইন্টারনেট
আজকের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলাররা : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের অভিযান শুরু করতে যাচ্ছে কানাডা। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে টরন্টোতে তারা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোচ জেসি মার্শের অধীনে কানাডা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেয়ার অভিজ্ঞতা এবার তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। যদিও সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল, তবুও দলটিকে এখন অনেক বেশি পরিণত এবং সংগঠিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে ২-০ গোলে হারানোর পর আয়ারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে কানাডা। সর্বশেষ ১১টি প্রীতি ম্যাচে তারা অপরাজিত, যার মধ্যে ছয়টি জয় ও পাঁচটি ড্র রয়েছে। দলের আক্রমণভাগে নজর থাকবে আলফানসো ডেভিস, জোনাথন ডেভিড এবং ট্রেজন বুখানানের দিকে।

তবে ম্যাচের আগে কিছু দুঃসংবাদও রয়েছে। গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মোইস বোম্বিতো ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। এ ছাড়া মিডফিল্ডার মার্সেলো ফ্লোরেসও চোটের কারণে খেলতে পারবেন না।

অন্য দিকে ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলছে বসনিয়া ও হার্জেগোভিনা। ইউরোপীয় প্লে-অফে ইতালিকে হারিয়ে তারা চমক দেখিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোচ সেরগেজ বারবারেজের দলটি রক্ষণভাগে দৃঢ় এবং পাল্টা আক্রমণে ভয়ঙ্কর।

দলের সবচেয়ে বড় ভরসা ৪০ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জোকো। তার সাথে তরুণ প্রতিভা এসমির বাজরাকতারেভিক ও কেরিম আলাজবেগেভিচ আক্রমণে গতি ও সৃজনশীলতা যোগ করবেন।

‘বি’ গ্রুপে সুইজারল্যান্ডকে অন্যতম ফেবারিট ধরা হচ্ছে। ফলে কানাডা ও বসনিয়া উভয় দলের জন্যই প্রথম ম্যাচে পয়েন্ট অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাগতিক দর্শকদের সমর্থন ও সাম্প্রতিক ফর্মের কারণে কানাডা কিছুটা এগিয়ে থাকলেও বসনিয়ার সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণ ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে।