ক্রীড়া ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপে দেশের ইতিহাসের সেরা সাফল্য অর্জনের পর দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে মিসর জাতীয় ফুটবল দল। গতকাল উত্তর আমেরিকা থেকে ফেরার পর ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক দলকে স্বাগত জানান।
জাতীয় পতাকা হাতে, দেশাত্মবোধক গান গেয়ে এবং ‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানার নিয়ে বিমানবন্দরের বাইরে জড়ো হন সমর্থকরা। অধিনায়ক মোহাম্মদ সালাহর ছবিসংবলিত ‘ধন্যবাদ’ লেখা পোস্টারও ছিল অনেকের হাতে। খেলোয়াড় ও কোচিং স্টাফ বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাদের বহনকারী খোলা বাস নতুন আল আলামেইন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ করতালি ও উচ্ছ্বাসে দলকে অভিনন্দন জানান।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।
বিশ্বকাপে এবারই প্রথম চারটি অংশগ্রহণের মধ্যে নিজেদের প্রথম জয় তুলে নেয় মিসর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার পর নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে দলটি।
শেষ ষোলোতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘ সময় ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। তবে ম্যাচের শেষ ১১ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানতে হয়। তবু এই আসরে তাদের লড়াকু পারফরম্যান্স দেশের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সমর্থকদের একটি অংশ প্রধান কোচ হোসাম হাসানের বড় বড় পোস্টার বহন করেন, যেগুলো ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে একাধিক ম্যাচ শেষে মাঠে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন এবং সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তারা।
এ দিকে দল দেশে ফেরার আগেই মিসর ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান কোচ হোসাম হাসান এবং তার যমজ ভাই ও সহকারী কোচ ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে। চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও স্থানীয় গণমাধ্যমের দাবি, এটি ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
২০২৪ সালে দায়িত্ব নেয়ার পর ৫৯ বছর বয়সী হোসাম হাসানের অধীনে মিসর নতুন করে ঘুরে দাঁড়ায়। তার নেতৃত্বে দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে পৌঁছায়, আট বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় এবং এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ২০টি জয়, ৯টি ড্র ও ৬টি পরাজয় অর্জন করেছে।



