নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নবীপুর গ্রামে একটি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যারেজটির মালিক নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকুল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি অটোরিকশার ব্যাটারি লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, শনিার রাতে মুখোশধারী ডাকাত দল গ্যারেজে প্রবেশ করে মকুল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর গ্যারেজে থাকা ১৩টি অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যায়। ব্যাটারিগুলো একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী মকুল মিয়া সাংবাদিকদের জানান, নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের মেইন রোডের পাশেই তার গ্যারেজটি অবস্থিত। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



