সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার মডেল কলেজের ২৯তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলেজ অডিটোরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। তিনি বলেন, দেশ গঠনে সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও আদর্শ নিয়ে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সাথে তিনি শিক্ষার্থীদের বড় হয়ে দেশ ও জাতি গঠনে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির প্রোভিসি অধ্যাপক কাজী শাহাদাত কবির, সাবিনা সিদ্দিকা রিতা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল ট্রাস্টের সদস্য হাসান মাহবুব মাস্টার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল কাদের।
শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক মনসুর আলী এবং শিক্ষার্থীদের পক্ষে নাজিফা নাওয়ার ও আল-সাফায়াত সাইবির বক্তব্য দেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন জান্নাতুল মাওয়া।



