মুক্তিপণ দিয়ে ফিরেছে ১৪ জেলে, এখনো জিম্মি ৬ জন

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে মাছ শিকারে গিয়ে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপকূলের ১৪ জন জেলে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। গত মঙ্গলবার বিভিন্ন সময়ে তারা বন এলাকা থেকে লোকালয়ে পৌঁছান। তবে মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো অন্তত ছয়জন জেলে জলদস্যুদের জিম্মায় রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ফিরে আসা জেলেরা জানান, আট সদস্যের একটি জলদস্যু দল নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে তাদের জিম্মি করে। পরে জনপ্রতি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হয়।

জেলেদের ভাষ্যমতে, ইব্রাহিম, দিলীপ ও উজ্জ্বল ৪০ হাজার টাকা করে এবং আইয়ুব আলী, আশিকুর রহমান ও হাফিজুর রহমান ২৫ হাজার টাকা করে মুক্তিপণ দিয়েছেন। মুক্তিপণ কম দেয়ায় রাজেত আলী নামের এক জেলেকে এখনো ছেড়ে দেয়া হয়নি। এছাড়া মীরগাং গ্রামের মুজিবুর রহমান ও হরিনগর গ্রামের নজরুল ইসলামসহ মোট ছয়জন জেলে এখনো দস্যুদের কবলে রয়েছেন। অপহৃত জেলেদের অভিযোগ, মুন্সীগঞ্জের মৌখালী গ্রামের সফিকুল ওরফে ‘ভেটো সফিকুল’ এবং আটিরউপর গ্রামের শাহাজান এই দস্যু দলের নেতৃত্ব দিচ্ছেন।

গত ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে ২০ জন জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। ২২ জানুয়ারি রাতে মামুন্দো, চুনকুড়ি ও মালঞ্চ নদী এবং কলাগাছিয়া খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন জানান, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।