বগুড়া অফিস
তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সাথে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে উল্লেখ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সদস্য ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আজমীর হাসান। এ সময় বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার সদস্য সচিব মো: সৈকত আলী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আজমীর হাসান, দুপচাঁচিয়া উপজেলা আহ্বায়ক নাফি, আদমদীঘি উপজেলা আহ্বায়ক আল ফাহাদ, জেলা যুগ্ম সদস্যসচিব মোবাশ্বের করিম রিহান প্রমুখ।



