বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম এক বিবৃতিতে বৃহত্তর চট্টগ্রামকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে জরুরি পুনর্বাসন কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
গতকাল বিবৃতিতে তিনি বলেন, টানা ভারী বর্ষণ, পাহাড়ধস, বন্যা, জলাবদ্ধতা, নদীভাঙন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ফলে চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের লাখো মানুষ চরম মানবিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে, কৃষি, মৎস্য, গবাদিপশু ও ক্ষুদ্র ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও জনস্বাস্থ্য ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ অবস্থায় দেশের প্রচলিত দুর্যোগ ব্যবস্থাপনা আইন ও নীতিমালার আওতায় বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলকে অবিলম্বে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে বিশেষ বরাদ্দ ও সমন্বিত পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা এখন সময়ের অপরিহার্য দাবি।
বিবৃতিতে তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় দল-মত নির্বিশেষে সমন্বিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। তাই বৃহত্তর চট্টগ্রামের মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ রক্ষায় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বিজ্ঞপ্তি।



