রূপগঞ্জে কারখানায় লুটপাটকারীদের গ্রেফতারের দাবি

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফতানিমুখী একটি জিআই তার কারখানায় হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই কারখানার মালিক ও কর্মকর্তারা। গতকাল রোববার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ ও বিএলও ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ জনশক্তি রফতানিকারক মনোয়ার হোসেন অপু অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথের দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল, ভাতিজা নিশাত ও তাদের সহযোগী বেলায়েত মেম্বারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাদের কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানায় থাকা মালামাল লুট করে নিয়ে যায়।

মনোয়ার হোসেন অপু আরো জানান, হামলার পর তারা মামলা করতে গেলে মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলা নেয়া হয়। বর্তমানে তারা অব্যাহত হুমকি ও ধামকির শিকার হচ্ছেন।

শিল্প উদ্যোক্তা মনোয়ার হোসেন অপু বলেন, এভাবে হামলা-ভাঙচুর চলতে থাকলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জে কেউ শিল্প কারখানা গড়তে এগিয়ে আসবে না। উদ্যোক্তারা চাঁদাবাজির শিকার হয়ে অনুৎসাহিত হবেন।

এ অবস্থায় তিনি অবিলম্বে তদন্ত করে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।