কমিশনারের গাড়িবহর নিয়ে খবর বিভ্রান্তিকর : ডিএমপি

Printed Edition

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের গাড়িবহর ট্রাফিক আইন ভঙ্গ করেছে- এমন সংবাদকে বিভ্রান্তিকর, অসম্পূর্ণ ও প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয় বলে জানিয়েছে ডিএমপি। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ‘ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সবাই সমান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ডিএমপি কমিশনারের গমনাগমনসংক্রান্ত যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ। প্রতিবেদনে মিন্টো রোডের সংশ্লিষ্ট সিগন্যালকে ‘ওয়ান ওয়ে’ বা একমুখী সড়ক বলা হয়েছে এবং ডিএমপি কমিশনারের গাড়িবহরকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা সরিয়ে পার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে বাস্তবে বিষয়টি এমন নয় বলে দাবি করেছে ডিএমপি।

ডিএমপির ব্যাখ্যায় বলা হয়, মিন্টো রোড কোনোভাবেই একমুখী সড়ক নয়। এ সড়কে উভয় দিকেই যানবাহন চলাচল করে। যানবাহন চলাচল ব্যবস্থাপনার অংশ হিসেবে কয়েক মাস আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের অস্থায়ী কোনো স্থাপনের মাধ্যমে উত্তরমুখী যানবাহনকে ইউটার্ন করে দক্ষিণমুখী করার একটি অস্থায়ী ট্রাফিকব্যবস্থা চালু করা হয়। বিজ্ঞপ্তি।