তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সংসদে হওয়া উচিত : জুবায়ের

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জাতীয় সংসদে আলোচনা করে নেয়া উচিত ছিল। সংসদকে পাশ কাটিয়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

গতকাল শুক্রবার সাভার সদর ইউনিয়নের চাপাইন নিউ মডেল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার বিভিন্ন বিষয়ে সংসদীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার কথা বললেও জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সে প্রক্রিয়া অনুসরণ করেনি। জনগণের জীবনযাত্রার ব্যয়ের সাথে সরাসরি সম্পর্কিত এমন সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও আলোচনার প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মো: শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম।

ঢাকা জেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।