গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চৌরাস্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরো চারটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য শাহীন আলম জানান, শফিউদ্দিনের ঝুট গুদামে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের একটি ফার্নিচারের দোকান ও একটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। দ্রুত পদক্ষেপ নেয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



