বৈশ্বিক শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বেকো’-এর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের অত্যাধুনিক উৎপাদন কারখানায় ইন-হাউজ প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্প চর্চাকে এগিয়ে নিতেই তাদের এই প্রয়াস। এই কার্যক্রমের অংশ হিসেবে, কোম্পানিটি উৎপাদন কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি এবং সামগ্রিক ক্ষতিকারক নয় এমন (নন-হ্যাজার্ডাস) বর্জ্য ২০% কমাতে সক্ষম হয়েছে, যা বছরে প্রায় এক হাজার ২০০ টন বর্জ্য হ্রাসের সমতুল্য।
এই উদ্যোগের আওতায় রেফ্রিজারেটর উৎপাদনের সময় তৈরি হওয়া ‘হিপস’ বা এইচআইপিএস (হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন, যা রেফ্রিজারেটরের ক্রিস্পার ড্রয়ার এবং ভেতরের দরজার প্যানেলসহ বিভিন্ন উপাদানে ব্যবহৃত হয়) এবং ‘জিপিপিএস’ (জেনারেল পারপাস পলিস্টাইরিন, যা স্বচ্ছ অংশ এবং ভেতরের অন্যান্য অনুষঙ্গের প্রধান উপাদান) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ক্রাশ (চূর্ণ) করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। ইনজেকশন মোল্ডিং এবং হিপস এক্সট্রুশন প্রক্রিয়ায় এই রিসাইকেল করা উপাদান নতুন রেজিনের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং সার্কুলার উৎপাদন পদ্ধতির (একই উপাদান বারবার ব্যবহারের প্রক্রিয়া) দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি। বিজ্ঞপ্তি।



