বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ২৫৭ প্রাথমিক বিদ্যালয়ের ১২২টিতে নেই প্রধান শিক্ষক

Printed Edition

কাজী খোরশেদ আলম বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। দুই উপজেলার ২৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২২টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একইভাবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১টিতে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অধিকাংশ বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে একদিকে প্রশাসনিক দায়িত্ব পালন, অন্যদিকে শ্রেণিকক্ষে পাঠদান, দুই দায়িত্বই সামলাতে হচ্ছে তাদের। ফলে পাঠদান কার্যক্রম ও বিদ্যালয় ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

বুড়িচং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেয়া হয়েছে। এতে শ্রেণিকক্ষের কার্যক্রমে কিছুটা প্রভাব পড়লেও উপজেলা শিক্ষা অফিস নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার মান বজায় রাখার চেষ্টা করছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ হালিমা পারভীন বলেন, উপজেলার প্রায় অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বর্তমানে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় কিছু সমস্যা তৈরি হলেও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে শিক্ষার মান ধরে রাখার চেষ্টা চলছে।