রাজধানীতে ডেমরা থানা বিএনপির আহ্বায়কের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গভীর রাতে সন্ত্রাসী হামলা ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর রাত ৪টার দিকে সারুলিয়া রাণীমহল সিনেমা হলের পেছনের এলাকায় এই ঘটনা ঘটে। মাদককারবারিদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়া এবং তাদের পুলিশের হাতে তুলে দেয়ার জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বিএনপি নেতা।

ভুক্তভোগী নেতার বড় ভাই শাহিন চৌধুরী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় তার মায়ের কক্ষের থাই গ্লাস ভাঙার শব্দ শুনতে পেয়ে তিনি দ্রুত বারান্দায় যান। সেখানে তিনি দেখতে পান যে, চারটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত সাত থেকে আটজনের একটি সশস্ত্র দল তাদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ছে। শাহিন চৌধুরী তাদের ধাওয়া করার চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম জানান, ডেমরা এলাকা থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে তিনি এবং থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তারা বেশ কয়েকজন মাদককারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এবং মাদকের বিরুদ্ধে প্রকাশ্যে রাজপথে ভূমিকা রাখছেন। এই তৎপরতায় ক্ষিপ্ত হয়েই মাদককারবারিরা রাতে তার বাড়িতে এই কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।

সেলিম চৌধুরী আরো বলেন, রাতের অন্ধকারে গুলি ও সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যেভাবেই হোক এসব মাদককারবারির ঠাঁই ডেমরায় হবে না। এই অপরাধীদের দমনে তিনি ডেমরা থানা-পুলিশকে আরো জোরালো ভূমিকা পালনের অনুরোধ জানান।

ঘটনার খবর পেয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাইফুর রহমান মির্জা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা আলামত হিসেবে জব্দ করেছে। এই সন্ত্রাসী হামলার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একটি বিশেষ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মো: তাইফুর রহমান মির্জা।