নয়া দিগন্ত ডেস্ক
‘প্রশান্ত মহাসাগর’ শব্দটি শুনলেই দৃশ্যপটে অন্তহীন নীল জলরাশির ছবিই ভেসে ওঠে। এই নীল জলরাশির বুকে ১০টা বাংলাদেশের সমান একটি বিশাল দ্বীপ রয়েছে। অথচ মানচিত্রে এর কোনো অস্তিত্বই নেই, সেখানে কোনো মানুষ বাসও করে না। সমুদ্র গবেষকরা বলছেন, বিশাল এই নীল জলরাশির বুকে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখতে পেয়েছেন তারা। স্থলভাগ থেকে অনেক দূরে দৃশ্যমান হয়ে উঠেছে এক ধরনের কৃত্রিম উপকূলরেখা।
ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদন অনুযায়ী, মূলত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই এলাকাটি গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ (জিপিজিপি) নামে পরিচিত। এটি ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ের মাঝখানে অবস্থিত। গবেষণা অনুযায়ী, এই কৃত্রিম ‘দ্বীপের’ আয়তন ছয় লাখ বর্গমাইলেরও বেশি, যা ফ্রান্স, জার্মানি বা স্পেনের চেয়েও বড় এবং বাংলাদেশের প্রায় ১০ গুণ। এখানে প্রায় এক লাখ টন প্লাস্টিক ভেসে রয়েছে, যার বড় অংশ পরিত্যক্ত মাছ ধরার জাল ও মাইক্রোপ্লাস্টিক।
নদী, জাহাজ ও উপকূলীয় শহর থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক সমুদ্রে গিয়ে জমা হচ্ছে। সূর্যালোক ও ঢেউয়ের কারণে এসব বর্জ্য ভেঙে ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা খালি চোখে দেখা যায় না এবং সাগরের স্রোতের ঘূর্ণাবর্তে আটকে থাকে।



