জবি ও ইসলামী ব্যাংকের সমঝোতা মিলবে কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড

Printed Edition

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা দিতে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মো: রইছ উদ্দীন।

জবির পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: জহিরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে প্রস্তুতকৃত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ডে বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি উল্লেখ থাকবে। কার্ডধারীরা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর পেমেন্ট সুবিধা এবং এটিএম/সিআরএম নেটওয়ার্কসহ সব ধরনের আধুনিক ডিজিটাল লেনদেন সেবা ব্যবহার করতে পারবেন।

এ চুক্তির আওতায় কার্ডধারীরা কোনো ফি ছাড়া বিশেষ সুবিধা পাবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে আলাদা অফারের পাশাপাশি আর্থিক সচেতনতা ও সাক্ষরতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালা আয়োজন করা হবে। এ ছাড়া ভবিষ্যতে ভিসা, ইউপিআইসহ অন্যান্য আন্তর্জাতিক কার্ড স্কিমে সার্ভিস যুক্ত করার সুযোগ রাখা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জামান ও মো: মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।