দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সব সংস্থা কাজ করছে : চসিক মেয়র

Printed Edition
চসিক মেয়র চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন : নয়া দিগন্ত
চসিক মেয়র চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গতকাল শুক্রবার দুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।

তিনি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেনকে সাথে নিয়ে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের ওয়াজেদিয়া, বোর্ড অফিস, চালিতাতলী বাজার, হাজীপাড়া, বেলতলা, শহীদনগরসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত হাজারো মানুষের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে মেয়র বলেন, চট্টগ্রামে অস্বাভাবিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই আমরা বসে থাকিনি। চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, চট্টগ্রাম ওয়াসা, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বয় সভা করেছি এবং মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করেছি। কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় পানি আটকে আছে, কিভাবে দ্রুত পানি নিষ্কাশন করা যায়, এসব বিষয়ে একসাথে কাজ চলছে।

মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত এলাকার পানি দ্রুত নিষ্কাশন, খাল ও নালা সচল রাখা এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়রের নির্দেশনা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ, আশরাফুল ইসলাম, আবু ইউসুফ, মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ।