দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, চাকরির পেছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে। আমরা মনে করি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে।
গতকাল শুক্রবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কমপ্লেক্স ‘তিথিডোর’ হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আব্দুুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপসচিব) মোছা: জিলুফা সুলতানা। বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিভিল সার্জেন ডা: আসিফ ফেরদৌস প্রমুখ।



