আলজাজিরা
ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কয়েক দিন আগে পত্রিকাটি এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছিল। সিইও ও প্রকাশক উইল লুইস শনিবার কর্মীদের উদ্দেশে বার্তায় জানান, দুই বছরের রূপান্তরের পর এখন তার সরে দাঁড়ানোর সময় এসেছে।
বিলিয়নিয়ার জেফ বেজোসের মালিকানাধীন পত্রিকাটি জানিয়েছে, প্রধান অর্থ কর্মকর্তা জেফ ডি’আেনোফ্রিও অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। লুইসের দুই বছরের মেয়াদে একাধিকবার ছাঁটাই হয়েছে এবং সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেয়ার সিদ্ধান্তে সমালোচনা বাড়ে। ওই সিদ্ধান্তের পর পত্রিকাটি কয়েক লাখ গ্রাহক হারায় এবং প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হয়। ২০২৪ সালে লুইস তার সাবেক সহকর্মী ব্রিটিশ সাংবাদিক রবার্ট উইনেটকে সম্পাদক করার চেষ্টা করেন।



