চট্টগ্রাম ব্যুরো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সঙ্কটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারো দেশের গভীর সঙ্কট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে। গর্ত থেকে উঠে আসতে একটু সময় লাগবে। কিন্তু কাজ করলে এই বিএনপি পারবে, এই দলটি পারবে, এই নেতা পারবে। তারেক রহমান সাহেব পারবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরনো রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমান সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম প্রমুখ।
আমির খসরু বলেন, বাংলাদেশ যখনই গর্তে পড়েছে, তখন বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে।



