প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও ডা: শফিকুর রহমান যেই কেন্দ্রে ভোট দেবেন

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

আজ দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দীর্ঘ প্রচার-প্রচারণা শেষ করে জনগণের রায়ের অপেক্ষায় প্রতিদ্বন্দ্বী দলগুলো। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।

এ দিকে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান রাজধানীর মিরপুরের ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। গতকাল জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জামায়াতে ইসলামীর অন্যান্য কেন্দ্রীয় নেতা যেসব কেন্দ্রে ভোট দেবেন সেটাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্য দিকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলটির স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে, বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডক্টর আবদুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেবেন।

এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুলে ভোট দেবেন।

এ দিকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মাওলানা আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে; মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে, ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন।