সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

Printed Edition

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ যাকে ভালো মনে করেছে, তাকেই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে এবং জনগণের রায়কে সম্মান জানাতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবাইকে গণতান্ত্রিক আচরণ ও রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ নিজের ইচ্ছামতো সরকারকে টেনে নামানোর বা অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। এ ধরনের বক্তব্য আমরা ১৯৯১ সালেও শুনেছি। কিন্তু আল্লাহর রহমতে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। তিনি আরো বলেন, জনগণ দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছে। জনগণের মধ্যে কোনো অসন্তোষ নেই। অথচ অল্পসংখ্যক মানুষ এমন ভাষায় বক্তব্য দিচ্ছেন, যা রাজনীতির ভাষা নয়, গণতন্ত্রের ভাষাও নয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন।