নয়া দিগন্ত ডেস্ক
রাঙ্গামাটির মানিকছড়িতে যাত্রীবোঝাই পিকআপ উল্টে চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড় সদর, ভোলার লালমোহন, গাজীপুরের হোতাপাড়া, নোয়াখালীর সেনবাগ, টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহের ভালুকা ও ফেনীর দাগন ভূঞায় পৃথক দুর্ঘটনায় মারা গেছেন আরো সাতজন, আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
গতকাল ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটির মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরাা জানান, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) রাঙ্গামাটির কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত যাত্রীদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
তারা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড়ে নিরাপত্তাকর্মী নিহত
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা আসিরের ছেলে। তিনি পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, একটি ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলায় শিশু নিহত
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের একটি দাখিল মাদরাসার সামনে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে মো: আব্দুল্লাহ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সে রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমহনী এলাকার মো: মনির হোসেনের ছেলে। জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার সাথে আঘাত লেগে সে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে তাকে ওই অটোরিকশায় করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
গাজীপুরে কাভার্ডভ্যান চালক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক। সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিনি কাভার্ডভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সকাল ১০টার দিকে হোতাপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং আল আমিন শিকদার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে লাশ বের করে আনে।
নোয়াখালীতে নিহত ১
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে ব্যাটারিচালিত অটোরিকশাকে দ্রুতগামী একটি মাইক্রো বাস ধাক্কায় দিলে মোশাররফ হোসেন মজুমদার (৫২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কেশারপাড় ইউপির চেয়ারম্যান আবদুল হক সুমন (৫৫) ও অটোরিকশাচালক নুরনবী (৪০) গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ২ নম্বর কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেনবাগের ২ নম্বর কেশারপাড় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মজুমদার একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কানকির হাটের উদ্দেশে রওনা হন। পথে অটোরিকশাটির পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। এতে আবদুল হক সুমন, সহপাঠী মোশাররফ হোসেন মজুমদার এবং অটোরিকশা চালক নুরনবী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সেনবাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মোশাররফ হোসেন মজুমদারের মৃত্যু হয়।
নিহত মোশাররফ হোসেন মজুমদার কেশারপাড় গ্রামের বাসিন্দা। তিনি কেশারপাড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
মধুপুরে মুচি নিহত
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে কাকরাইদ বাসস্ট্যান্ডে ত্রিমুখী সংঘর্ষে রামকৃষ্ণ গ্রামের সুনীল (৭৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, শনিবার (১৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহগামী একটি বাস মধুপুর দিকে যাওয়ার পথে কাকরাইদ বাসস্ট্যান্ডে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে রাস্তার পাশে বসে মুচির কাজ করা সুনীল (৭৭) নামে এক ব্যক্তি ওপরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সুনীলের মৃত্যু হয়।
ভালুকায় পথচারী নিহত
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সামছুর রহমানের (৭২) বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় সামছুর রহমান সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনীতে স্কুলছাত্রী নিহত
দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস স্কুলফেরত শিক্ষার্থীদের উপর উঠে গেছে। এতে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক ছাত্রী ঘটনাস্থলেই নিহত ও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে। গতকাল বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সিলোনিয়া হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী হ্যাপি ট্রান্সপোর্ট ( ঢাকা মেট্রো-১২-২৫৭৩) নামের একটি যাত্রীবাহী বাস বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পার্শ্ববর্তী সিলোনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির পর বের হলে বাসটি সরাসরি তাদের ওপর উঠে উল্টে যায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা কাঠ বোঝাই একটি হিউম্যান হলারের সাহায্যে বাসটি উপরে তোলে। তখন বাসের নিচ থেকে সিলোনিয়া হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী চানপুরের জালাল মিকার বাড়ির মো: হানিফের মেয়ে সুরাইয়া আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে অন্তত ছয়জনকে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দু’জন গুরুতর, তারা হলো উত্তর আলামপুর গ্রামের মাইনুদ্দিনের মেয়ে রাইস আক্তার ও নূর নবীর মেয়ে নুসরাত জাহান। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।



