ঢাকা জেলা প্রতিনিধি
শুধু আর্থিক সহায়তা নয়, মানুষের কর্মসংস্থান তৈরি করাই বিএনপির মূল লক্ষ্য। গ্রামের সাধারণ মানুষ যাতে নিজের উদ্যোগে আয় করতে পারে এবং পরিবারকে স্বাবলম্বী করতে পারে, সে লক্ষ্য নিয়েই দল কাজ করছে। কেননা গ্রামীণ উন্নয়ন জোরদার হলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। গতকাল সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলার বেশ কিছু অসচ্ছল পরিবারের মধ্যে ভেড়া ও ভেড়ার খাদ্য বিতরণ অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান কথা বলেন ।স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের পরিবারের হাতে ভেড়া ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় সাবেক ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তোলার যে অঙ্গীকার করেছেন, তারই অংশ হিসেবে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে আমানউল্লাহ আমান বলেন, দল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করছে। চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা জমি দখলের সাথে জড়িত কেউ বিএনপিতে থাকতে পারবে না। আমরা প্রকৃতপক্ষে জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মনিরুল হক মনির, ওয়ালীউল্লাহ সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।



