চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাপনকে উদযাপনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট। গতকাল শহরের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বন্দরনগরীর চেনা-অচেনা নানা গল্প তুলে ধরা হয়। একই সাথে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য শহরের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাংবাদিক আবুল মোমেন, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার এবং লেখক ও গবেষক হারুন রশিদ। আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ চৌধুরী গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেন।
বাংলাদেশের বিভিন্ন শহরের নিজস্ব পরিচয় ও ইতিহাসকে তুলে ধরতে ‘সিলন আমার শহর’ উদ্যোগটি শুরু করে সিলন টি। এই যাত্রার প্রথম শহর হিসেবে চট্টগ্রামকে বেছে নেয়া হয়। এর অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে বাজারে বিশেষ প্যাকেজিং আনা ছাড়াও আয়োজন করা হয় ডিজিটাল গল্প বলা প্রতিযোগিতা। প্রতিযোগিতা থেকে বিজয়ীদের মেগা ইভেন্টে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে চিত্রকর্ম, ইতিহাস, স্থাপত্য, বন্দর ও রেলওয়ের ঐতিহ্য প্রদর্শনের পাশাপাশি স্থান পায় চট্টগ্রামের মেজবান, বেলা বিস্কুট ও চায়ের আড্ডাসহ স্থানীয় খাদ্যসংস্কৃতি। এ ছাড়া ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান নিয়ে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।
ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। চট্টগ্রাম অধ্যায়ের পর দেশের অন্যান্য শহরের গল্প তুলে ধরতে পর্যায়ক্রমে এই আয়োজন পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।



