ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রঙ তৈরির কারখানার আড়ালে পরিচালিত একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা, প্রায় ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাসির (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের দাবি, তিনি ইয়াবা তৈরিতে দক্ষ কেমিস্ট এবং প্রায় এক দশক ধরে সহযোগীদের নিয়ে কারখানাটি পরিচালনা করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। সোমবার সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ইসলাম মিঠু নামে এক ব্যক্তিকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। পরে সোমবার মদিনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামে একটি রঙ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা, কাঁচামাল ও তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয় এবং নাসিরকে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির নিজেকে ইয়াবা তৈরিতে দক্ষ কেমিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় আরো একজন ডিলার ও একজন কেমিস্ট-কাম-ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
দুই অভিযানে মোট ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা, দু’টি ইয়াবা তৈরির মেশিন এবং ১৭ কেজি কাঁচামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতার নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় র্যাব-১০-এর পৃথক অভিযানে আরেকটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ওই অভিযানে এক হাজার ৯৬৮টি ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। মাত্র কয়েক দিনের ব্যবধানে কেরানীগঞ্জে দু’টি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



