ইউরোপে তীব্র তাপদাহে ৪ বছরে প্রাণহানি ২ লাখের বেশি

Printed Edition

গাল্ফ নিউজ

ইউরোপজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়, বরং এক ভয়াবহ জনস্বাস্থ্য সঙ্কটে রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে, গত চার বছরে এই মহাদেশটিতে অতিরিক্ত গরমের কারণে দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জার্মানির বার্লিনে ডব্লিউএইচওর ‘তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা নির্দেশিকা’ প্রকাশকালে সংস্থাটির আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুগে সতর্ক করে বলেন, এই মুহূর্তে যদি শক্তিশালী ও সমন্বিত রাষ্ট্রীয় পদক্ষেপ নেয়া না হয়, তবে তাপজনিত মৃত্যুর এই সংখ্যা জ্যামিতিক হারে বাড়তেই থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডব্লিউএইচও ইউরোপের দেশগুলোর জন্য একটি জরুরি সুপারিশমালা পেশ করেছে। এর মধ্যে রয়েছে শহরগুলোতে দ্রুত শীতলীকরণ কেন্দ্র গড়ে তোলা, নগরীর ফাঁকা জায়গায় ব্যাপক সবুজায়ন ও গাছপালা লাগানো, তীব্র গরমের আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা এবং বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা।

বিশেষজ্ঞদের তথ্যানুযায়ী, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপ মহাদেশের তাপমাত্রা অনেক দ্রুতগতিতে বাড়ছে। ফলে সেখানকার একটি বড় অংশ চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। ডব্লিউএইচও স্পষ্ট জানিয়েছে, এই বিপর্যয় থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতা, যেমন রোদ এড়িয়ে চলা বা পর্যাপ্ত পানি পান করা জরুরি হলেও তা পুরোপুরি কার্যকর নয়; বরং এই বৈশ্বিক সঙ্কট রুখতে এখন প্রয়োজন বড় ধরনের রাষ্ট্রীয় ও কাঠামোগত সংস্কার।