খারাপ আবহাওয়ায় নেপালে নামতে না পেরে ঢাকায় চায়না ফ্লাইটের অবতরণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

খারাপ আবহাওয়ার কারণে নেপালের কাঠমান্ডুতে নামতে না পেরে দুই দফায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শনিবার ১১৬ জন যাত্রী নিয়ে চীনের কুনমিং থেকে ছেড়ে আসা ফ্লাইটটি এই পরিস্থিতির মুখোমুখি হয়। পরে বিমান সংস্থাটির উদ্যোগে যাত্রী ও ক্রুদের নির্ধারিত হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার কুনমিং থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটটি কাঠমান্ডুর আকাশে পৌঁছেই তীব্র বৈরী আবহাওয়ার কবলে পড়ে। কাঠমান্ডুতে নামতে ব্যর্থ হয়ে পাইলট বিমানটি ঘুরিয়ে বিকেল ৫টার দিকে ঢাকায় নিরাপদে অবতরণ করান। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে ঢাকা থেকে ফের নেপালের উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি।

তবে দ্বিতীয় দফায় নেপালের আকাশে পৌঁছালে আবহাওয়া আরো খারাপ হয়। পরিস্থিতি বিবেচনা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অনুমতি নিয়ে পাইলট রাত ১১টার দিকে দ্বিতীয়বারের মতো ফ্লাইটটি ঘুরিয়ে ঢাকায় এনে জরুরি অবতরণ করান।

ঘটনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যৌথ পরিচালনায় আক্রান্ত ১১৬ জন যাত্রী ও ক্রুদের ঢাকার একটি হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ফ্লাইটটি ঢাকা ছেড়ে যেতে পেরেছে কি না, তা বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।