স্বেচ্ছাসেবক লীগের কর্মী এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো: জি এম সরকার জুয়েলকে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটির সভাপতি করাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় বিএনপির স্বেচ্ছাসেবক দল তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একই সময়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে।

গত সোমবার রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে জি এম সরকার জুয়েলকে সভাপতি এবং বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর গত ৩১ আগস্ট জি এম সরকার জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ দেয় ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক) ফারুক আহমেদ স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। অন্য দিকে, ১ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জি এম সরকার জুয়েলকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।