ময়মনসিংহ অফিস
দীর্ঘ প্রায় ১৩ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে ময়মনসিংহের ভালুকার বহুল আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো: ফরিদ খলিফা (৪৮) ও পলাতক মো: মাসুদ মিয়া (৪১)। রায় ঘোষণার সময় ফরিদ খলিফা আদালতে উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি মাসুদ মিয়া পলাতক ছিলেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল মতিন, আব্দুস ছাত্তার ওরফে ছন্দেন আলী, মো: মোশারফ হোসেন, মো: মোফাজ্জল হোসেন, মো: তোফাজ্জল হোসেন, মো: নজরুল মিয়া, মো: মোকলেছুর রহমান, মো: শাহজাহান আকন্দ, মো: আতিকুল এবং পলাতক মো: সিদ্দিক মিয়া।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট সকালে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের বাসিন্দা ও ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আবু জাকারিয়া (মিন্টু) নিজ পৈতৃক সম্পত্তি দেখতে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়ের পর নিহতের ছেলে জাহিদ হাসান তালুকদার বলেন, দীর্ঘ ১৩ বছর পর ন্যায়বিচার পেয়েছি। এখন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা দ্রুত কার্যকর হবে।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন দণ্ডপ্রাপ্তদের স্বজনরা। তারা জানিয়েছেন, উচ্চ আদালতে আপিল করা হবে।



