লোডশেডিংয়ে লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে পরীক্ষা

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলার লালমোহনে তীব্র লোডশেডিংয়ের কারণে মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয়ার ঘটনা ঘটেছে।

গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদরাসায় বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয়া হয়। শিক্ষার্থীরা জানান, বর্তমানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। সামান্য বৃষ্টি বা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায়। এতে পড়াশোনার পাশাপাশি পরীক্ষা দিতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, লালমোহনে দীর্ঘ সময় লোডশেডিং হলেও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। বিলে বিভিন্ন অসঙ্গতিও রয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে লালমোহন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, গত দুই দিনে প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন লাইনে ত্রুটি দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও বাতাসে গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে এবং নরম মাটিতে গাছ উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে। তবে এসব ত্রুটি দ্রুত মেরামতের কাজ করা হচ্ছে।