ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশে নারী হকির সাফল্য এবং ইতিবাচক ফলাফলের ধারাবাহিকতায় ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি’ সম্প্রসারণে চলতি বছরে আরো দুই কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক। এর আগে গত বছর এক কোটি টাকা সহায়তা দিয়েছিল ব্যাংকটি।
২০২৫ সালের টুর্নামেন্ট থেকে ১১ জন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন, যাদের মধ্যে চারজন এশিয়ান গেমস বাছাইপর্বে বাংলাদেশের দলে স্থান করে নিয়েছেন। এই নারী হকি দলই রানার-আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাইপর্ব উত্তীর্ণ হওয়ার সাফল্য অর্জন করে। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাথে নতুন করে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে ব্যাংকটি। এই বিনিয়োগের মাধ্যমে সারা বছরব্যাপী পরিচালিত হবে উন্নয়ন কর্মসূচি, যার লক্ষ্য নতুন প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের নারী হকি খেলোয়াড় তৈরির জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা। সম্প্রতি ব্র্যাক ব্যাংক ঢাকার প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে উদীয়মান নারী হকি খেলোয়াড়দের প্রশিক্ষণের আওতায় আনা হবে। জেলা পর্যায়ে প্রতিভা অনুসন্ধান ও প্রশিক্ষণ, গোলরক্ষকদের জন্য বিশেষায়িত আবাসিক প্রশিক্ষণ, বিকেএসপির মেধাবী খেলোয়াড়দের জন্য শিক্ষাবৃত্তি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের উন্নয়নধারা তৈরি করা হবে।



