বিশেষ সংবাদদাতা
দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি শিল্প খাতের প্রবৃদ্ধি সঙ্কুচিত হওয়া এবং কৃষি ও সেবা খাতে গতি কমে যাওয়ার কারণে ২০২৫-২৬ অর্থবছরের ৩য় কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ ২০২৬) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্ধেকেরও বেশি কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, এই প্রান্তিকে প্রবৃদ্ধির হার কমে ২.২২ শতাংশে নেমে এসেছে। আগের অর্থবছরের (২০২৪-২৫) একই কোয়ার্টারে এ প্রবৃদ্ধির হার ছিল ৪.৫৩ শতাংশ।
আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের অর্থনীতির স্বল্পমেয়াদি গতিপ্রকৃতি বিশ্লেষণ ও নীতি নির্ধারণ সহজ করার লক্ষ্যে ২০১৫-১৬ ভিত্তিবছর ধরে কেবল উৎপাদন পদ্ধতিতে এ ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন করে আসছে বিবিএস।
প্রতিবেদনের মূল তথ্যসমূহ : ৩য় কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২%-এ নেমেছে (আগের বছর ছিল ৪.৫৩%); জানুয়ারি-মার্চ প্রান্তিকে শিল্প খাতের উৎপাদন সঙ্কুচিত হয়েছে (-০.২৮%); কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে; চলতি মূল্যে জিডিপির আর্থিক আকার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩৯১ ট্রিলিয়ন টাকায় (১৫,৩৯১,০৪৬ মিলিয়ন টাকা)।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তুলনায় সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম ৯ মাসে সার্বিক গড় প্রবৃদ্ধি ৩.৩৬%।
জিডিপির আকার ও গতিধারা : বিবিএসের তথ্যানুযায়ী, চলতি মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের ৩য় কোয়ার্টারে মোট জিডিপির আর্থিক আকার দাঁড়িয়েছে ১৫,৩৯১,০৪৬ মিলিয়ন টাকা (১৫.৩৯১ ট্রিলিয়ন টাকা)। আগের অর্থবছরের (২০২৪-২৫) ৩য় কোয়ার্টারে এটি ছিল ১৪,১৯১,৭৪১ মিলিয়ন টাকা (১৪.১৯২ ট্রিলিয়ন টাকা)।
ত্রৈমাসিক তুলনামূলক চিত্র : ১ম কোয়ার্টার (জুলাই-সেপ্টেম্বর) : ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৪.৯৬% (২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩.৯১%)। ২য় কোয়ার্টার (অক্টোবর-ডিসেম্বর) : ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩.০৩% (২০২৪-২৫ অর্থবছরে ছিল ৩.৫৩%)। ৩য় কোয়ার্টার (জানুয়ারি-মার্চ) : ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র ২.২২% (২০২৪-২৫ অর্থবছরে ছিল ৪.৫৩%)।
সম্মিলিতভাবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারের (জুলাই-মার্চ) তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে জিডিপির সার্বিক গড় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৩৬ শতাংশে।
বৃহৎ তিন খাতের খণ্ডচিত্র : ১. শিল্প খাত (সঙ্কোচন ও মন্দা) : জাতীয় প্রবৃদ্ধির সবচেয়ে বড় চালিকাশক্তি শিল্প খাতে বড় ধরনের ধাক্কা এসেছে। চলতি অর্থবছরের ৩য় কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি সঙ্কুচিত হয়ে (-)০.২৮ শতাংশে নেমে এসেছে (অর্থাৎ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে)। অথচ ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৩.৩৩ শতাংশ। যদিও চলতি অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে এ খাতে যথাক্রমে ৬.৮২% এবং ১.২৭% প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।
২. কৃষি খাত (গতি হ্রাস) : কৃষি খাতেও কাক্সিক্ষত প্রবৃদ্ধির গতি বজায় থাকেনি। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের ৩য় কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ১.৭৪ শতাংশে। আগের অর্থবছরের ৩য় কোয়ার্টারে এ হার ছিল ৪.৬১ শতাংশ। এর আগে চলতি অর্থবছরের ১ম কোয়ার্টারে ২.১১% এবং ২য় কোয়ার্টারে ৩.৬৮% প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।
৩. সেবা খাত (মন্থর গতি) : অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি সেবা খাতেও প্রবৃদ্ধির গতি থমকে গেছে। ৩য় কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৫২ শতাংশে, যা ২০২৪-২৫ অর্থবছরের ৩য় কোয়ার্টারে ছিল ৭.৩২ শতাংশ। চলতি অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪.৫১% ও ৪.৪৫%।
সার্বিক অর্থনৈতিক প্রভাব : ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবৃদ্ধির গতি কিছুটা ইতিবাচক থাকলেও ৩য় কোয়ার্টারে এসে বড় ধরনের স্থবিরতা প্রকাশ পেল। বিশেষ করে শিল্প উৎপাদনের সঙ্কোচন এবং সেবা খাতের প্রবৃদ্ধি প্রায় অর্ধেকের নিচে নেমে আসা স্বল্পমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ এবং অভ্যন্তরীণ চাহিদার ওপর নেতিবাচক চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।



