নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শে গাজীপুর মহানগর সেলের প্রধান সমন্বয়কারী ডা: মাজহারুল আলম শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় ভিকটিমের পরিবারের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয় টিম সদস্যরা। একই সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভিকটিমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক সহায়তার বিষয়ে অধ্যাপক ডা: মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ অনুযায়ী সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়া হয়। প্রয়োজন অনুযায়ী শিশুটির চিকিৎসা, পরবর্তী স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তায় সেলটি পাশে থাকবে বলে জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য সচিব ডা: খলিলুর রহমান, ড্যাব নেতা ডা: এনামুল হক, ডা: খায়রুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।



