চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় মিছিল করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মুরাদপুর ১ নম্বর রেলগেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন -কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), ফরহাদ উল্লাহ (১৯), মো: আরাফাত (২০), ইফাত রহমান (১৯), মো: পারভেজ (২৫), মো: হায়দার (১৯), মো: নয়ন হোসেন ইমন (১৭) ও মো: আব্দুল্লাহ আরমান (১৭)।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৭, ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় ২৯ আগস্ট মামলা নম্বর-২২ রুজু করা হয়।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মিছিল করার সময় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার ১৪ জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



