লবিপ্রবির নতুন ভিসি ড. মোহাম্মদ হানিফ

Printed Edition

নোবিপ্রবি প্রতিনিধি

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক (গ্রেড-১)। একই সাথে ট্রেজারারেরও দায়িত্বে ছিলেন।

গত রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ হানিফকে এই নিয়োগ দেয়া হয়েছে। তবে তার নোবিপ্রবির ট্রেজারার পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।