নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়টি বিতরণ অঞ্চল বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, বিদ্যুৎখাত বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় সাধারণ মানুষের অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপিডিবি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিদ্যুৎ একটি সেবা খাত। এ খাত বেসরকারিকরণের সিদ্ধান্ত কেন নেয়া হয়েছে, তার কৈফিয়ত জনগণের কাছে দিতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠান নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী স্বৈরাচারের আমলে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির আদলে এস আলম গ্রুপকে ব্যবহার করা হয়েছিল। তার দাবি, বর্তমান সরকারও বিদ্যুৎখাতকে বেসরকারিকরণের মাধ্যমে একই ধরনের সুযোগ তৈরি করছে। তিনি বিদ্যুৎমন্ত্রীর প্রতি প্রশ্ন করেন, জনগণের স্বার্থে কাজ করছেন, নাকি কোনো গোষ্ঠীর সাথে আঁতাত করে সরকারকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ বিল আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে গেলে তারা ইচ্ছামতো বিল বাড়াতে পারে। এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়বে এবং সরকারও কার্যকরভাবে কিছু করতে পারবে না।
আতিকুর রহমান আরো বলেন, গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি করা হয়েছে। তিনি বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি ভুতুড়ে বিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বাড়তি বিল আদায় করা হলে বিদ্যুৎ ভবন ঘেরাও করে প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, জনগণকে বোকা মনে করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলে তার ফল হিতে বিপরীত হতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছয়টি বিতরণ অঞ্চল বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত পরিবর্তন না হলে শ্রমিকরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বর্তমান সরকারের পঁাঁচ মাসের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাত্র পাঁচ মাসে কিছু করতে পারি না, সময় দেন’ এভাবে একটি দেশ চলতে পারে না। যে পারে, সে এক মাসে পারে। যারা পাঁচ মাসে পারে না, তারা পাঁচ বছরেও পারবে না।
মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছয়টি বিতরণ অঞ্চল বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলসহ আট দফা দাবি জানান। এর মধ্যে ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল কবির সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, ডিপিডিসির সভাপতি আ ন ম বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহসভাপতি হেলাল উদ্দিন, মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।



