ক্রীড়া ডেস্ক
শৈশবের ক্লাব লেস্টার সিটির সাথে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। নতুন ক্লাবে যোগ দেয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মাঠে নেমে পেলেন জয়ের স্বাদ। নতুন শুরুর রাতটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশী বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ব্রামল লেনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে গত পরশু বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। নাটকীয় এই জয়ের ম্যাচে একাদশে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন তিনি। তার অভিষেকেই চলতি মৌসুমে প্রথম লিগ ম্যাচে জয়ের দেখা পেয়েছে শেফিল্ড। তবে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের। খেলা শুরুর প্রথম মিনিটেই জেভিয়ার সাইমন্সের গোলে পিছিয়ে পড়ে শেফিল্ড। তবে ৩ মিনিট পরই জাফেত টাঙ্গাঙ্গা সমতায় ফেরায় হামজাদের। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ১-১। স্যাম ডালবির গোলে ৬৭ মিনিটে আবার পিছিয়ে পড়ে পরের মিনিটেই শেফিল্ডকে সমতায় ফেরান প্যাট্রিক ব্যামফোর্ড। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেল ডোনোভানের গোলে জয়ের উল্লাসে মাঠ ছাড়ে হামজার নতুন দল।
নতুন ক্লাবে প্রথম ম্যাচে অবশ্য শুরুটা ভালো হয়নি হামজার। ম্যাচের প্রথম মিনিটেই বাঁ প্রান্তে বোল্টন উইঙ্গার থিয়েরি গ্যালের চ্যালেঞ্জের মুখে পড়ে তাকে আটকাতে পারেননি বাংলাদেশী বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বেশ খানিকটা উঠে এসে গ্যালে ক্রস করলেও হামজা সামনে থেকে ঠেকাতে পারেননি। তার সতীর্থ সেই ক্রস ঠেকালেও ফিরতি বলে গোল করেন সিমন্স। হামজার ভুলে শেফিল্ড গোলটি হজম করেছে- সেটি সরাসরি বলার সুযোগ না থাকলেও ক্রসটি ঠেকাতে পারলে হয়তো গোলের পরিস্থিতি তৈরি হতো না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার এই ম্যাচে পারফরম্যান্সের রেটিংয়ে হামজাকে দশে ৫ নম্বর দিয়েছে। কারণ বিরতির আগে গোলের বড় এক সুযোগও নষ্ট করেন রাইট ব্যাক পজিশনে খেলা হামজা।
জয়ের পর হামজা বলেন, ‘ব্র্যামল লেনে ফিরতে পেরে ভালো লাগছে। অবশ্যই বড় সাফল্য, যদিও কাজটা কঠিন ছিল। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে (স্থানীয় সময়) সন্ধ্যাটা আমরা শুরু করতে চাইনি। কিন্তু সতীর্থরা সাহসের সাথে খেলায় ফিরেছে... এ স্টেডিয়ামটি বিশেষ, এখানকার দর্শকও বিশেষ।’



