নিজস্ব প্রতিবেদক
ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার আবারো বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনে বাজেট-পরবর্তী বিভিন্ন আইন প্রণয়ন, বিল নিষ্পত্তি এবং অন্যান্য সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠনসহ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন হতে পারে এই অধিবেশনে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতি অধিবেশন চলার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত থাকলেও আরো কয়েক দিন তা বাড়ানো হতে পারে বলে জানা যায়।
গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার পর অধিবেশন আজ পর্যন্ত মূলতবি করা হয়েছিল।
আজ অধিবেশনের দিনের কার্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তরসহ ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ, গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপন হবে সংসদে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আইন, ২০০১ রহিতক্রমে নতুন আইন প্রণয়নকল্পে আনীত বগুড়া বিশ^বিদ্যালয় বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি প্রার্থনা এবং ‘বগুড়া বিশ^বিদ্যালয় বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে প্রেরণের অনুমতি চাইবেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের সাধারণ আলোচনায় মোট ২৯১ জন সংসদ সদস্য অংশ নেন। এ আলোচনা চলে ৪৫ ঘণ্টা ৫১ মিনিট। এর মধ্যে সরকারি দলের ২০০ জন সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ জন সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন।
অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন ২৫ জন সংসদ সদস্য। এ আলোচনা চলে ৩ ঘণ্টা ৩ মিনিট। সরকারি দলের ১৮ জন সদস্য ২ ঘণ্টা ১৪ মিনিট এবং বিরোধী দলের সাতজন সদস্য ৪৯ মিনিট বক্তব্য রাখেন।
সবমিলিয়ে বাজেটের সাধারণ আলোচনা ও সম্পূরক বাজেট নিয়ে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। এ দুই আলোচনায় অংশ নেন সর্বমোট ৩১৬ জন সংসদ সদস্য। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম জাতীয় বাজেট, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যা উত্থাপন করেন। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ জাতীয় বাজেট ছিল ২০০৬-০৭ অর্থবছরের, যা তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান উপস্থাপন করেছিলেন।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যসূচি, কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়েও আলোচনা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।



