খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কুরআন খতম ও অসহায়দের খাবার বিতরণ

Printed Edition
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ : নয়া দিগন্ত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫০০ বার পবিত্র কুরআনের খতম, এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ, পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও দোয়া মাহফিল করেছেন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাতে কাঁদলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ ও উপস্থিত জনতা।

গতকাল বিকেলে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রূপ নেয় জনস্রোতে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। উনি যে ত্যাগ স্বীকার করছেন, তা শুধু অত্যাচার নয়, ওনাকে বাড়ি থেকেও আওয়ামী সরকার জোরপূর্বক বের করে দিয়েছে। আল্লাহ ওনাকে অত্যাচার থেকে মুক্ত করেছেন। আল্লাহ যেহেতু ওনাকে মুক্ত করেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সুস্বাস্থ্য নেয়ামত দান করেন আপনাদের কাছে সেই দোয়া কামনা করি।

এই বাংলাদেশে বেগম জিয়ার বিকল্প কেউ নাই, যদিও তারেক রহমান অবশ্যই তার বিকল্প কিন্তু ওনি তো তারই সন্তান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দীন নয়ন ও মো: শরীফ খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক প্রমুখ।