রাতে নিউ ইয়র্কের নর্দমায় রহস্যময় মানুষ!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

রাত গভীর হলে ব্যস্ত নগরী নিউ ইয়র্কের রাস্তাঘাট যখন অনেকটাই ফাঁকা হয়ে যায়, ঠিক তখনই শহরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। নর্দমার ম্যানহোলের ঢাকনা খুলে একদল মানুষ ভূগর্ভ থেকে উঠে আসছে, আবার কখনো একই পথ দিয়ে নিচে নেমে যাচ্ছে। এমন একাধিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রহস্যের জট খুলতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রুকলিন ও কুইন্স এলাকায় অন্তত তিনটি পৃথক ঘটনায় নিরাপত্তা ক্যামেরায় এসব দৃশ্য ধরা পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, গভীর রাতে উইলিয়ামসবার্গ এলাকার একটি ব্যস্ত সড়কের মাঝখানের ম্যানহোল থেকে প্রায় সাতজন ব্যক্তি একে একে বেরিয়ে আসছেন। তাদের কয়েকজনের মাথায় হেডল্যাম্প ছিল, কারও হাতে ছিল কোদালসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম। একজন তো ম্যানহোল থেকে ওঠার সময় চলন্ত গাড়ির ধাক্কা লাগা থেকে অল্পের জন্য রক্ষা পান।

আরেকটি ঘটনায় ব্রুকলিনের গ্রেভসএন্ড এলাকায় রাত ২টার দিকে একই ধরনের একটি দলকে নর্দমা থেকে বেরিয়ে পাশেই পার্ক করা গাড়ি থেকে পরিষ্কার পোশাক বের করে বদলাতে দেখা যায়। তদন্তকারীদের ধারণা, তারা রাত ১১টার দিকে নর্দমায় প্রবেশ করেছিলেন এবং প্রায় তিন ঘণ্টা ভূগর্ভে অবস্থান করেন। কুইন্সেও একই ধরনের আরেকটি ঘটনার ভিডিও পাওয়া গেছে, যেখানে বিশেষ সুরক্ষাবস্ত্র পরে কয়েকজনকে ম্যানহোলে নামতে দেখা যায়।

ঘটনার পর নিউ ইয়র্ক সিটি পুলিশ এবং পরিবেশ সুরক্ষা বিভাগ নর্দমা ব্যবস্থা পরীক্ষা করে কোনো ধরনের নাশকতা বা অবকাঠামোগত ক্ষতির প্রমাণ পায়নি। এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি। তবে তদন্তকারীরা বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন। একটি ধারণা হলো, কেউ হয়তো নর্দমায় হারিয়ে যাওয়া মূল্যবান ধাতু বা গয়না খুঁজছিল। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবেশ সুরক্ষা বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অনুমতি ছাড়া নর্দমায় প্রবেশ শুধু বেআইনি নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণও। বিষাক্ত গ্যাস, আকস্মিক পানির প্রবাহ এবং সংকীর্ণ পরিবেশ মুহূর্তেই প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে। তবু কেন একদল মানুষ এমন ঝুঁকি নিয়ে রাতের আঁধারে ভূগর্ভে যাতায়াত করছে- সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আর সেই রহস্যই এখন নিউ ইয়র্কবাসীর কৌতূহলের কেন্দ্রে।