সাতকানিয়ায় ত্রাণসামগ্রী বিতরণ

কোনো পরিবারকে অসহায় অবস্থায় রাখা হবে না : শাহজাহান চৌধুরী

Printed Edition
চট্টগ্রামের সাতকানিয়ায় ত্রাণের চাল বিতরণ করেন শাহজাহান চৌধুরী এমপি : নয়া দিগন্ত
চট্টগ্রামের সাতকানিয়ায় ত্রাণের চাল বিতরণ করেন শাহজাহান চৌধুরী এমপি : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

কোনো বন্যার্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার ও প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে- এমন মন্তব্য করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।

গতকাল শুক্রবার সাতকানিয়া উপজেলার ছদাহা মহিলা মাদরাসা প্রাঙ্গণে নজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বৃহস্পতিবার নলুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা পৌঁছে দেয়া হচ্ছে। সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

নলুয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বশর, ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোজাম্মেল হক, নূর মোহাম্মদ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ শহীদুল্লাহ, সংরক্ষিত মহিলা সদস্য রুজিনা আক্তার এবং মিজানুর রহমানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।

ছদাহায় ত্রাণসামগ্রী বিতরণ : এদিকে গতকাল জুমাবার সকালে নজির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদের সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নেজাম উদ্দিন এবং সেক্রেটারি মাওলানা নুর মুহাম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সমাজসেবক মোহাম্মদ মোরশেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শহীদদের রূহের মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের দোয়া

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগর জামায়াতের দেওয়ানবাজার কার্যালয় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা: ছিদ্দিকুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালি থানা আমির আমীর হোসাইন এবং জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ফিরদাউস।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সব শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান। দল, মত ও পরিচয়ের সঙ্কীর্ণতা অতিক্রম করে প্রত্যেক শহীদকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে যথাযথ সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তাই শহীদদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দোয়া মাহফিলে জুলাই বিপ্লবে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আযহারী। বিজ্ঞপ্তি।