পাথর মিশ্রিত বালুতে বিচ ভলিবলের অনুশীলন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পল্টন ময়দান তথা আউটার স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বিচ ভলিবল দলের অনুশীলন। ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের নাগোয়া-আইচি শহরে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য এই প্রস্তুতি তাদের। পুরুষ ও নারী দল অংশ নেবে এই আসরে। বিচ ভলিবলে বাংলাদেশের অর্জন বলতে ২০২৩ সালে কক্সবাজারে অনুষ্ঠিত কাভা আসরে তৃতীয় হওয়া। তা নেপাল ও মালদ্বীপকে হারিয়ে। সেখানে আরো বড় আসর এশিয়ান গেমস। তাই সেখানে ভালো পারফরম্যান্স প্রদর্শন করাই বাংলাদেশের লক্ষ্য। জানান বাংলাদেশ বিচ ভলিবল দলের কোচ ইমরান হায়দার কাঞ্চন।

অবশ্য সমুদ্রের পাড়ে তথা বিচে খেলা হলেও বাংলাদেশ দল অনুশীলন করছে পল্টন ময়দানের এক কোণায় পাথর মিশ্রিত বালিতে। কোচ কাঞ্চন বলেন, সমুদ্র পাড়ে যে বালিতে পা ফেললে পা ১২ সেন্টিমিটার দেবে যায় সেখানে অনুশীলন করতে হয় বিচ ভলিবল দলকে। কিন্তু আমাদের খেলতে অনুশীলন করতে হচ্ছে এই যে পাথর ওয়ালা বালিতে। এতে আসল অনুশীলন হচ্ছে না। তবে আমরা কিছু দিনের জন্য কক্সবাজারে গিয়ে অনুশীলন করব।

অবশ্য জাপান যাওয়ার আগে বাংলাদেশ দল ভুটানে গিয়ে টুর্নামেন্ট খেলবে। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে নেপাল, ভুটান, কিরগিজস্তানের মতো দলকে। এতে বাংলাদেশের এশিয়ান গেমসের প্রস্তুতিটা ভালোই হবে। জানান কোচ। অবশ্য পুরুষ দল নিয়েই কিছুটা লড়াই করার আশা। নারীদের নিয়ে নয়। বাংলাদেশ দল এর আগে এশিয়ান বিচ গেমসে অংশ নিয়ে শুরু পুরুষ বিভাগে একটি ম্যাচ জিততে পেরেছিল। তা লাওসের বিপক্ষে।